গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। এর প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।
সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১-দলীয় জোট। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যা নিয়ে ১১-দলীয় জোট উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল যদি রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে চায়, তা প্রতিরোধের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়।