ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের কর্মকর্তা, আলোচক এবং ফুটবলাররা সবাই ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার সংগ্রামে নিজেদের ভূমিকা পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির খবর এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্রয়ের পরই তিনি এই বক্তব্য দেন।
পোস্টে আরাগচি একসঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের ছবি এবং ফুটবল ম্যাচের দৃশ্য প্রকাশ করেন। তিনি লেখেন, “ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।”
তিনি আরও উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি শাজারেহ তাইয়্যেবে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক।
নিহতদের স্মরণ করে আরাগচি তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, এই ঘটনাগুলো ইরানের জাতীয় অবস্থান ও সংগ্রামের অংশ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
সূত্র: মিডল ইস্ট আই