বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে আগ্রহী সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিনিয়োগবান্ধব এবং বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন স্বার্থ হাসিলের চেষ্টা না করে। সংকট আরও বাড়িয়ে কোনো পক্ষের লাভবান হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, অতীতে উন্নয়নের নামে অনেক প্রকল্প নেওয়া হলেও সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি।
তিনি বলেন, একটি এফএসআরইউ বন্ধ হওয়ার পর গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পখাতের সমস্যাগুলো নিয়ে শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে তারা ক্ষতির মুখে না পড়েন।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সতর্কতার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পরিবেশগত বিষয় ও আন্তর্জাতিক অর্থায়নের বিষয় বিবেচনায় নিয়ে এ খাতে এগোতে হবে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতকে ব্যবসাবান্ধব করতে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে এবং ওপেক্স মডেলের মাধ্যমে ঢাকা থেকে শুরু করে সারা দেশে সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।