গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনিসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। ওই সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে একপর্যায়ে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলারমালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চান। খবর পেয়ে কোকিলমনি কোস্ট গার্ড স্টেশনের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ভাসমান ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারের পর জেলেদের কোস্ট গার্ড কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরবর্তীতে ট্রলারসহ জেলেদের তাঁদের মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া জেলেদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা না গেলেও তাঁদের বাড়ি বরগুনা জেলায় বলে জানিয়েছে কোস্ট গার্ড।