হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা নতুন করে জটিলতায় পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের বিভিন্ন সংঘাত, হামলা ও বিক্ষোভে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেন। এরপর থেকেই হরমুজ প্রণালী চালুর উদ্যোগে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। মঙ্গলবারও সেই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।
বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ৪৫ ডলারে।
৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের জন্য এটি সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে বাজার বিশ্লেষকেরা।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।
সূত্র: আল জাজিরা