সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে চলছে ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী এবারের আয়োজনে অংশ নিয়েছেন।
প্রতিযোগী ও দর্শনার্থীদের তথ্য সহায়তা দিতে এবার প্রথমবারের মতো অনুষ্ঠানস্থলে ইন্টারেক্টিভ রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি সংবাদমাধ্যম আল-ইখবারিয়াহ জানিয়েছে, টাচস্ক্রিন সুবিধাযুক্ত এসব রোবট প্রতিযোগী ও অতিথিদের প্রতিযোগিতার সময়সূচি, অনুষ্ঠানস্থল এবং বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য দিচ্ছে।
রোবটগুলো ৯০টির বেশি ভাষায় প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগী ও দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।
এর আগে গত ৬ আগস্ট মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা এই আয়োজনের ইতিহাসে সর্বোচ্চ।
এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এ প্রতিযোগিতা শুরুর পর সর্বোচ্চ।
এদিকে এবারের আয়োজনে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদা ভেন্যুর ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গ্র্যান্ড মসজিদে।