বিরোধী দলের ‘করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না’ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার-পাঁচ মাস সময় পেয়েছে। এর মধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও দুর্বল প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের চেষ্টা চলছে।
রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের বক্তব্যে আগের সরকারের সময়কার ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে। সরকারকে কাজ করার সুযোগ না দেওয়ার ধরনের বক্তব্য দেশের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সহজ কাজ নয়। দ্রুত সব সমস্যার সমাধান করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে দেশে নতুন গ্যাস ও তেলের উৎস অনুসন্ধানে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। গ্যাস ও তেল অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও অনুসন্ধান কার্যক্রমে যুক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, দেশের চাহিদা পূরণে বিদেশ থেকে তেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে, এতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কারণে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জ্বালানি সরবরাহে কিছুটা সংকট থাকলেও দেশে তেল ও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমদানি ব্যয়, বিশেষ করে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার কারণে পণ্যের দামেও এর প্রভাব পড়ছে।