দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (৯ আগস্ট) সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা যেন নিজেদের বাড়ি, স্কুল-কলেজের আঙিনা কিংবা রাস্তার পাশে অন্তত একটি করে গাছ লাগায়। তারা যে গাছ লাগাবে, তার হিসাব সংরক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।
তিনি বলেন, বর্ষাকাল গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। এ সময়ে গাছ লাগালে অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত পানির কারণে গাছ দ্রুত বেড়ে ওঠে।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং স্কুল-কলেজগুলোকে আরও সবুজ করে তোলা।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে সবুজ রাখতে হলে সবাইকে এই উদ্যোগে অংশ নিতে হবে।
আমিনুল হক বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে না, ভবিষ্যতে মানুষকে ফল, ছায়া ও বিভিন্ন উপকারও দিতে পারে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।