ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৭২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৪ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি হ্যাক্সো ব্লেড, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ।
এ ছাড়া অভিযানে কয়েকটি মোবাইল ফোন, মানিব্যাগ, গ্যাস লাইট, নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।