ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ছিলেন পর্যটক।
শনিবার ঘন বন ও পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট এবং তিন নারী পর্যটক নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী একই পরিবারের সদস্য এবং তারা কলম্বিয়ার নাগরিক হতে পারেন।
দুর্ঘটনাস্থলটি তিজুকা বনের ভেতরে অবস্থিত ‘ভিস্তা শিনেসা’ নামের একটি জনপ্রিয় পর্যটন এলাকার কাছে। রিও ডি জেনিরোর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়।
এটি গত দুই মাসে রিও ডি জেনিরোতে দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুন মাসে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রিস।
শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন।
সূত্র: এএফপি