প্রধানমন্ত্রী তারেক রহমানের রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সিডিএ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চেয়ারম্যান একাধিকবার নগরের বিভিন্ন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা, সড়ক ও বিভিন্ন স্থাপনায় রং করা, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে সিডিএর চলমান প্রকল্পগুলোর কাজেও গতি বাড়ানো হয়েছে। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে চলমান নির্মাণকাজ, রং ও সৌন্দর্যবর্ধনের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিডিএ চেয়ারম্যান।
নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম, রং এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। একই সঙ্গে অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সিডিএর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, কিছু সৌন্দর্যবর্ধনের কাজ এখনো বাকি রয়েছে। এসব কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সিডিএ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, সফরকে কেন্দ্র করে সাময়িক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।