আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বর্তমান সরকারের দলটি যে ধরনের নির্যাতনের শিকার হয়েছে এবং দলটি দেশকে ওই শাসন থেকে মুক্ত করতে যে ত্যাগ স্বীকার করেছে, তাতে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করা হয়েছে—এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, যিনি এমন কথা বলেছেন, তার কাছ থেকেই এর কারণ জানতে চাওয়া উচিত।
ভারত থেকে প্রেস কনফারেন্স আয়োজনের উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারজানা শারমিন পুতুল বলেন, গত পরশু ভারত থেকে এমন একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবাদ জানিয়েছে, তা দেশের ইতিহাসে অন্যতম কঠোর প্রতিবাদ বলে মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাম্প্রতিক সতর্কতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। এগুলো নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই নেওয়া হচ্ছে।
পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চরকেন্দ্রিক বিভিন্ন অপরাধের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, চরাঞ্চলে অপরাধ কমাতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের এই অপরাধপ্রবণ পরিস্থিতি থেকে চরাঞ্চলকে বের করে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও এখনো পুরোপুরি অপরাধ নির্মূল করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।