ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমাজকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৮৫টি প্রতিবন্ধী স্কুল চালু রয়েছে। পর্যায়ক্রমে এই শিক্ষাব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।তিনি বলেন, শুধু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। এ কারণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক সমান সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, অনেক অভিভাবক সন্তানকে সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে নিয়মিত কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার সুযোগ পান না। তাদের জন্য ঘরে বসে অথবা উপযোগী পরিবেশে আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ কীভাবে তৈরি করা যায়, সরকার সে বিষয়েও কাজ করছে।অনুষ্ঠানে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য বিশেষ অনুদান দেওয়া হয়।

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের