পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি ব্যাটার জ্যাকব বেথেলের। তার অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইংল্যান্ড।
দল ঘোষণার পর জানা গেছে, তরুণ ব্যাটার জর্ডান কক্সকে তিন নম্বর পজিশনে ব্যাট করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ড্যান লরেন্স।
বেন স্টোকসের টেস্ট অবসরের পর অফস্পিন অলরাউন্ডারের ভূমিকায় ছয় নম্বরে ব্যাট করবেন ড্যান লরেন্স। দলের ভারসাম্য ধরে রাখতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ আগস্ট। হেডিংলিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট ২৭ থেকে ৩১ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ৯ থেকে ১৪ সেপ্টেম্বর এজবাস্টনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন— জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, ওলি রবিনসন, জেমি স্মিথ এবং জোশ টাং।