আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাঁচ দিনের ম্যাচটি। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
সর্বশেষ টেস্ট স্কোয়াডের তুলনায় এবার বেশ কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকরা। দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। অন্যদিকে স্কোয়াডে নেই অমিত হাসান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। সেই পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন এই ব্যাটার।
জাকের আলীও সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ৯৪ রানের ইনিংস খেলার আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিলেট ও রাজশাহীতে টানা তিন ইনিংসে ফিফটি করেছিলেন তিনি।
এদিকে তাসকিন আহমেদকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। অমিত হাসান সর্বশেষ স্কোয়াডে থাকলেও এবার জায়গা পাননি। ফলে আন্তর্জাতিক টেস্ট অভিষেকের জন্য তাকে আরও অপেক্ষা করতে হচ্ছে।
পুনর্বাসন প্রক্রিয়া শেষে ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে ওঠা নাহিদ রানাকেও স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তার ওপর অতিরিক্ত চাপ না দিতে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল দলের বাইরে অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসাইন ইমনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
বাংলাদেশের টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।