প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকিকে বিদায় জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা এবার সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘অন হোল্ডিং’-এর সঙ্গে নতুন চুক্তিতে যুক্ত হয়েছেন।
ফুটবল বাজারে নিজেদের কার্যক্রম বড় করার পরিকল্পনা করছে ‘অন’। সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এমবাপ্পেকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই যাত্রায় ব্র্যান্ডটির ফুটবল কার্যক্রমের অন্যতম প্রধান মুখ হিসেবে দেখা যাবে তাকে।
মাত্র আট বছর বয়সে নাইকির সঙ্গে এমবাপ্পের পথচলা শুরু হয়েছিল। বয়সভিত্তিক ফুটবল থেকে মোনাকো, পিএসজি হয়ে রিয়াল মাদ্রিদের তারকা হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় নাইকি ছিল তার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার।
সময়ের সঙ্গে নাইকির বৈশ্বিক প্রচারণার পরিচিত মুখ হয়ে ওঠেন এমবাপ্পে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি ব্র্যান্ডটির গুরুত্বপূর্ণ ফুটবল তারকাদের একজন ছিলেন তিনি। বিশেষ করে নাইকির ‘মারকিউরিয়াল’ ফুটবল বুটের প্রচারণায় নিয়মিত দেখা গেছে ফরাসি ফরোয়ার্ডকে।
গত ৩১ জুলাই নাইকির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তার পরবর্তী ব্যক্তিগত স্পনসর কে হবে, তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ‘অন’-এর সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।
সুইস প্রতিষ্ঠান ‘অন’ মূলত দৌড় ও অ্যাথলেটিকসের সরঞ্জামের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে টেনিসসহ বিভিন্ন খেলায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। এবার পেশাদার ফুটবলেও বড় পরিসরে প্রবেশের পরিকল্পনা করছে তারা।
টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ২০১৯ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগকারী ও কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হন। দীর্ঘদিন নাইকির সঙ্গে থাকার পর তিনিও ‘অন’-এর সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছিলেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে নিজের সিগনেচার পণ্যও বাজারে আনেন ফেদেরার।
নতুন চুক্তি নিয়ে এমবাপ্পে জানিয়েছেন, শুরু থেকেই ‘অন’-এর প্রতি তার আগ্রহের বড় কারণ ছিল একসঙ্গে নতুন কিছু তৈরির সুযোগ। ভবিষ্যতের ফুটবলকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনায় নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চান তিনি।
ফরাসি তারকার মতে, উদ্ভাবনের পাশাপাশি ফুটবলের মূল আনন্দ ও আবেগ ধরে রাখাও তাদের লক্ষ্য। ‘অন’-এর সঙ্গে এই পরিকল্পনাকে একটি যৌথ স্বপ্ন হিসেবে দেখছেন তিনি এবং নতুন এই পথচলা কেবল শুরু হয়েছে বলেও জানিয়েছেন।
এমবাপ্পেকে যুক্ত করার মধ্য দিয়ে ফুটবল পণ্যের বাজারে বড় পরিসরে প্রবেশের সুযোগ তৈরি হলো ‘অন’-এর সামনে। ভবিষ্যতে ব্র্যান্ডটির ফুটবল পণ্যের নকশা ও উন্নয়নেও এমবাপ্পের ভূমিকা থাকতে পারে।
অন্যদিকে শৈশব থেকে চলে আসা নাইকির সঙ্গে দীর্ঘ সম্পর্কের সমাপ্তি এমবাপ্পের ব্যক্তিগত স্পনসরশিপ ক্যারিয়ারে বড় পরিবর্তন হিসেবেই বিবেচিত হচ্ছে