সিলেটের বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলার রায়ে প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদরুল ইসলাম চৌধুরী।
আদালতের রায় অনুযায়ী, প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর দুই আসামি জয়নাল আহমদ ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা রাইসুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ছিলেন তাদের প্রতিবেশী।
তদন্তে উঠে আসে, চলতি বছরের ৬ মে সিগারেট আনার কথা বলে শিশুটিকে নিজের কাছে ডেকে নেন জাকির। পরে নির্জন ঘরে নিয়ে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর মরদেহ একটি সুটকেসে রেখে কয়েকদিন নিজ বাড়িতে লুকিয়ে রাখা হয়। পরে সেটি বাড়ির কাছের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ওই ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে ১১ মে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত চলাকালে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ জাকির ও তার দুই ভাইকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর গত ১ জুলাই মামলার বিচার শুরু হয়। প্রায় এক মাসের বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।