লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চলার মধ্যেই দেশটিতে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে আলোচনার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। আরও কিছু সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয় বিবেচনায় রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননে সম্ভাব্য নতুন অভিযানের জন্য সেনাবাহিনী বিভিন্ন পরিকল্পনা তৈরি করছে। অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে আরও শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুমোদন চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। গুরুতর আহত চার সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। পাশাপাশি, ইসরায়েলি বাহিনীর সতর্কতার পর মানসুরি শহরের অনেক পরিবার নিরাপদ স্থানে চলে গেছে।
রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।
তবে একই সময়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকায় পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।