হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক হতে পারে বলে আশা তৈরি হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও ডব্লিউটিআই ক্রুডের দামে সামান্য পতন দেখা যায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে পারে। এতে গত কয়েক মাস ধরে চলা সংঘাতের প্রভাব কমে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে এই পথে যেকোনো ধরনের অস্থিরতা সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।