মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার পর নতুন এক জনমত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী, ইসরাইলের অধিকাংশ নাগরিকই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে ইসরাইলি জনগণের মধ্যে বিদ্যমান উদ্বেগ ও নিরাপত্তাহীনতার চিত্র ফুটে উঠেছে। ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩ হাজার ৬৪৪ জন উত্তরদাতার ওপর জরিপটি পরিচালিত হয়।
ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৯২.১ শতাংশ মনে করেন এই সংঘাতে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। পাশাপাশি ৮২.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান পরিস্থিতির কারণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা দীর্ঘমেয়াদে গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।
জরিপে আরও দেখা গেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী রাজনৈতিক শিবিরের মধ্যেও একই ধরনের ধারণা প্রবল। ডানপন্থী ভোটারদের ৯৩.১ শতাংশই স্বীকার করেছেন যে এই সংঘাতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি নিয়েও ইসরাইলি জনমতে বিভক্তি স্পষ্ট হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১২.১ শতাংশ চুক্তির পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬৩.২ শতাংশ এর বিরোধিতা করেছেন।
বিশ্লেষকদের মতে, এই জরিপ ইঙ্গিত দিচ্ছে যে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তন ইসরাইলি সমাজে নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা