যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার তিন দিনের সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
সফরের বিস্তারিত কর্মসূচি বা প্রতিনিধিদলের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা এবং নৌ সহযোগিতাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের কয়েক দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তার সম্ভাব্য সফরের খবর সামনে এলো।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও সামরিক কর্মকর্তা। দীর্ঘ সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান পরিচালনা, বিমানবাহী রণতরীর নেতৃত্ব এবং বিভিন্ন সামরিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।
নৌবাহিনীর একটি পরিবারে বেড়ে ওঠা কোহলার ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
একই বিশ্ববিদ্যালয়ের নেভাল রিজার্ভ অফিসার ট্রেনিং কোর কর্মসূচির মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কমিশন লাভ করেন।
পরে নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জয়েন্ট স্টাফ কলেজ ও নেভি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামেরও স্নাতক।
১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব পান কোহলার। এরপর এফ-১৪ টমক্যাট ও এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন।
এ ছাড়া বিমানবাহী রণতরীতে ৬০০টি অবতরণ সম্পন্ন করার অভিজ্ঞতা রয়েছে তার।
কোহলার ইউএসএস কার্ল ভিনসনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি ইউএসএস বাতান, ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইনের নেতৃত্বও দিয়েছেন।
২০২৪ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।