চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। সেখানে তিনি জেসমিনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জেসমিনের অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য জানান। একই সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও তারা জানান।
এ সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেসমিন আকতার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
জেসমিনের ভাই জুবায়ের হোসেন ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে গণঅভ্যুত্থানের সময় নিহত হন।