কিশোরগঞ্জের কটিয়াদীতে গত মঙ্গলবার রাতে শিয়ালের হামলায় নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মণ্ডলভোগ গ্রামে রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।
অত্যন্ত হঠাৎ ঘটে যাওয়া এই আক্রমণে দুটি গরু ও আহত হয়। শিয়ালটি প্রথমে ওই গ্রামের দুটি গরুকে কামড় দেয়, পরে গরু রক্ষা করতে গেলে মালিকরা শিয়ালের হামলার শিকার হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছে ছকিনা বেগম (৫০), শামসুন্নাহার (৪৫), হারিছা বেগম (৩৪), পারভীন আক্তার (৩০), জোছনা আক্তার (৩৮), জরিনা বেগম (৩৭), সবুজ মিয়া (৫৫), কাশেম আলী (৪৫) ও বোরহান মিয়া (৩৮)। আহতদের মধ্যে কয়েকজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালের এই আচরণে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ঈশা খান বলেন, রাতে শিয়ালের কামড়ে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।