জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার, ৫ আগস্ট উদ্বোধন করা হবে। ওই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।
শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আগে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের প্রতিবেদন, শহীদদের ব্যবহৃত সামগ্রী ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। আন্দোলনের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, মানুষের অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থী, গবেষক ও ইতিহাসে আগ্রহী দর্শনার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী, শিক্ষামূলক কর্মসূচি এবং গাইডের সহায়তায় জাদুঘর ঘুরে দেখার ব্যবস্থা রাখা হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও চালু করার প্রস্তুতি চলছে।
সাবেক গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। গণ-অভ্যুত্থানের স্মৃতি ও সংশ্লিষ্ট ঐতিহাসিক উপকরণ সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।