যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার দাবি করেছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, স্টারমার পদত্যাগ নয় বরং দেশের প্রশাসনিক দায়িত্ব পরিচালনায় পূর্ণ মনোযোগ দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর পদে কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক চাপ বাড়ছিল। এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শুক্রবার (১৯ জুন), যখন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম সংসদ উপনির্বাচনে জয়ী হন।
এই জয়ের ফলে বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। নিয়ম অনুযায়ী, দলের নেতৃত্ব চ্যালেঞ্জ করতে হলে সংসদ সদস্য হওয়া প্রয়োজন ছিল, যা এই নির্বাচনের মাধ্যমে তিনি নিশ্চিত করেন।
ক্ষমতাসীন দলের ভেতরে স্টারমারের নেতৃত্ব নিয়ে অসন্তোষ দীর্ঘদিন ধরেই চলছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। বার্নহ্যামের উত্থান সেই অভ্যন্তরীণ চাপকে আরও বাড়িয়ে দিয়েছে।
দ্য অবজারভার-এর প্রতিবেদনে বলা হয়েছে, দলের ভেতরে সমর্থন কমে যাওয়া এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির কারণে স্টারমার পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে পূর্ণ মনোযোগ দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন এবং পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
সূত্র : দ্য অবজারভার