সদস্য দেশ ও আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর ব্যাপক বিরোধিতার পর বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছে ফিফা।
শুক্রবার, ৩১ জুলাই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, প্রস্তাবটি ফুটবল বিশ্বে বড় ধরনের বিভাজন তৈরি করায় এটি আর বাস্তবায়ন করা হবে না।
পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালন কার্যক্রম দেখভালের জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের কথা ছিল। প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল প্রায় ২ হাজার কোটি ডলার।
নতুন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চেয়েছিল ফিফা। সংস্থাটির দাবি ছিল, এই অর্থ বিশ্বব্যাপী ফুটবল অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে।
তবে পরিকল্পনাটি সামনে আসার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা কঠোর বিরোধিতা করে। উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি দেয়।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও পরিকল্পনাটির বিরোধিতা করে। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি তাদের অবস্থানের প্রতি সমর্থন জানায়।
উয়েফা, কনকাকাফ ও এএফসির অধীনে মোট ১৪৩টি জাতীয় ফুটবল সংস্থা রয়েছে। ফিফার মোট সদস্যসংখ্যা ২১১। ফলে প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে।
ফিফার অভ্যন্তরেও পরিকল্পনাটি নিয়ে অসন্তোষ দেখা দেয়। ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করে প্রস্তাবটিকে ফুটবলের জন্য ক্ষতিকর একটি চুক্তি হিসেবে উল্লেখ করেন।
ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনার পর বোঝা গেছে, প্রকল্পটি এমন বিভাজন সৃষ্টি করেছে, যা ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না।
প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল ‘থ্রাইভ ইটার্নাল’ নামের একটি তহবিলের। এটি জোশুয়া কুশনার প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে যুক্ত। জোশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
২০২৭ সালে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তবে আলোচিত এই বিনিয়োগ পরিকল্পনা এবং তা ঘিরে তৈরি হওয়া বিরোধের কারণে তার নেতৃত্ব নতুন করে চাপের মুখে পড়েছে।
সূত্র : রয়টার্স