ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অন্তর্ভুক্ত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)।
বুধবার এক বিবৃতিতে পিএমএফ জানায়, হতাহতের এই সংখ্যা প্রাথমিক। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংগঠনটির দাবি, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালায় তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ভবন, সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সৌদি বাহিনীর সঙ্গে যৌথভাবে ইরাকের বিভিন্ন এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রভান্ডার ও সরবরাহকেন্দ্রে হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশনায় চালানো ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে এ অভিযান পরিচালিত হয়। তবে হামলার নির্দিষ্ট স্থান বা হতাহতের বিষয়ে সেন্টকম বিস্তারিত জানায়নি।
পিএমএফের ঘোষিত হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জোটটি আনুষ্ঠানিকভাবে ইরাকের সামরিক কাঠামোর অধীন হলেও এর কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস