তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার বিকেল ৪টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
বোর্ডের কয়েকজন পরিচালক বর্তমানে দেশের বাইরে থাকলেও তারা অনলাইনে সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।
এবারের বৈঠকে মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটিগুলোর কার্যক্রম, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী ক্রিকেট কোচ নিয়োগের বিষয় রয়েছে।
এ ছাড়া মাঠ ব্যবস্থাপনা, ক্রিকেট অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং মেডিকেল বিভাগের কার্যক্রম নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুর পরিকল্পনা। প্রকল্পটির অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে বোর্ড সদস্যরা আলোচনা করতে পারেন।
সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরে বিসিবির সম্ভাব্য পরিকল্পনাও সভার এজেন্ডায় রয়েছে।
জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ও কোচ নিয়োগের বিষয়টিও আলোচনায় আসতে পারে। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন বিষয় নিয়ে বোর্ড সভায় পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।