সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বিমানবন্দর পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিমানবন্দরটি আবার চালু করতে ব্যাপক পুনর্নির্মাণ প্রয়োজন হবে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, হামলায় বিমানবন্দরটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান অবস্থায় এটি সচল করা সম্ভব নয় এবং প্রায় নতুন করে নির্মাণ করতে হবে।
তিনি জানান, সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য কেনা ও সংস্কার করা একটি উড়োজাহাজ সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। উড়োজাহাজটির শুধু লেজের সামান্য অংশ অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি।
মোহাজেরানি আরও বলেন, বুশেহর আবহাওয়া কেন্দ্রটি পুরোপুরি বেসামরিক স্থাপনা হলেও হামলায় সেটিও প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে তেহরান কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।
তবে বুশেহর বিমানবন্দরের ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা