ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার ফ্রান্স ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দিয়েছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফরাসি দলের দায়িত্বে থাকবেন তিনি।
দীর্ঘ ১৪ বছর ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হলেন জিদান। ২০২৬ বিশ্বকাপের পর দেশমের বিদায়ের মধ্য দিয়ে ফরাসি ফুটবলে তার দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই জিদানকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা জোরালো হয়েছিল।
খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জয় করেন জিদান। পরে কোচ হিসেবেও অসাধারণ সাফল্য পান তিনি। তার অধীনে রিয়াল মাদ্রিদ ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে।
২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আর কোনো দলের কোচ হননি জিদান। এ সময় বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেলেও ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার এই দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ও নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিদান বলেন, জাতীয় দলকে নিয়ে তার বড় লক্ষ্য রয়েছে। দলকে নতুন সাফল্যের পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করতে চান।
আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে জিদানের যাত্রা শুরু হওয়ার কথা। এরপর ২ অক্টোবর ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে ফরাসিরা।