ফুটবল মাঠের পর এবার অভিনয় ও টেলিভিশন প্রযোজনায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলের পটভূমিতে নির্মিতব্য ‘Day 1s’ নামের একটি নাট্যধর্মী সিরিজে তাকে পর্দায় দেখা যাবে।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন পর্তুগিজ এই ফুটবল তারকা। এরই মধ্যে উত্তর-পশ্চিম লন্ডনে বার্নেট ফুটবল ক্লাবের মাঠে নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
‘Day 1s’-এর গল্প আবর্তিত হবে স্ট্যানলি ডালটন নামের একজন কাল্পনিক ফুটবল এজেন্টকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস।
সিরিজটিতে ফুটবল ব্যবসা, খেলোয়াড় ও এজেন্টদের সম্পর্ক এবং ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হবে। এতে কিছু হাস্যরস থাকলেও এটি ‘টেড ল্যাসো’র মতো পূর্ণাঙ্গ কমেডি নয়। নির্মাতারা মূলত ফুটবলজগতের ভেতরের একটি নাটকীয় গল্প তুলে ধরতে চান।
রোনালদোর পাশাপাশি ফ্রান্সের সাবেক ফুটবল তারকা থিয়েরি অঁরিকেও সিরিজটিতে দেখা যাবে। অঁরির দীর্ঘদিনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকে সিরিজটির গল্পের সূচনা। তিনি প্রকল্পটির নির্বাহী প্রযোজকদের একজন। ‘Day 1s’ প্রকল্পটির পরিকল্পনা অবশ্য প্রথম প্রকাশ্যে আসে ২০২০ সালে।
অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র্যাপার ও অভিনেতা ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোটা বানাত। তবে রোনালদো ও থিয়েরি অঁরি নিজেদের বাস্তব পরিচয়ে নাকি আলাদা চরিত্রে হাজির হবেন, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সিরিজটি নির্মাণ করছে ইউআর•মার্ভ স্টুডিওস। রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ম্যাথিউ ভন ২০২৫ সালে যৌথভাবে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এর আগে প্রতিষ্ঠানটি কয়েকটি অ্যাকশন চলচ্চিত্রে বিনিয়োগ ও প্রযোজনার কাজ শুরু করে।
রোনালদো এর আগে বিজ্ঞাপন ও ভিডিও গেমে উপস্থিত হলেও নাট্যধর্মী টেলিভিশন সিরিজে এটিই হতে যাচ্ছে তার প্রথম অভিনয়। ফলে ফুটবলের বাইরে বিনোদনজগতে তার নতুন যাত্রা নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
‘Day 1s’ কবে মুক্তি পাবে এবং কোন টেলিভিশন চ্যানেল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তারকাবহুল এই প্রকল্পের পরিবেশনা স্বত্ব পেতে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।