তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্ব এখন গভীর জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে উপকূলীয় বহু এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশও এই সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।
সোমবার সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সারা দেশে সবুজায়ন ও বৃক্ষায়ণ কার্যক্রম জোরদার করতে হবে। এই কাজকে শুধু সরকারি কর্মসূচি হিসেবে নয়, জাতীয় দায়িত্ব হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, গাছ লাগানো গুরুত্বপূর্ণ হলেও গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করা আরও বড় চ্যালেঞ্জ। লাগানো গাছ বাঁচিয়ে রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, গাছকে শিশুর মতো যত্ন নিয়ে বড় করতে হবে। প্রশাসনের একার পক্ষে দীর্ঘমেয়াদে সব গাছের দেখভাল করা সম্ভব নয়। তাই স্থানীয় বাসিন্দা, কৃষক এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কার্যকর পরিচর্যা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকতা বা নিয়মরক্ষার জন্য বৃক্ষরোপণ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। লাগানো গাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, পরিচর্যা এবং দায়িত্ব বণ্টনের ব্যবস্থা থাকতে হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো গাছের সুরক্ষা ও পরিচর্যায় বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় বৃক্ষায়ণ এখন মানুষের জীবন ও পরিবেশ রক্ষার অপরিহার্য অংশ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।