সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মারধর ও চাঁদাবাজির দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ দলটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই উল্লাপাড়া থানায় একটি মামলা করেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মিস্টার।
একই দিনে মাটিকোড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এসব মামলায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বলেন, মারধর ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আজাদ হোসেন এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বর্তমানে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন।