ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ৩০ হাজার সেনা নিতে চায় রাশিয়া। শনিবার (২৫ জুলাই) এক ভিডিও ভাষণে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে মস্কো। নতুন সেনাদের গ্রহণ করতে গত জুন থেকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে প্রস্তুতি চলছে বলেও দাবি করেন তিনি।
জেলেনস্কির ভাষ্য, উত্তর কোরিয়া রাশিয়ার কাছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা হস্তান্তরের প্রস্তুতিও নিচ্ছে। তবে সম্ভাব্য সেনা মোতায়েন কিংবা অস্ত্র সরবরাহের সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে এ সামরিক সহযোগিতা শুধু ইউক্রেন নয়, এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উত্তর কোরিয়া নিজেদের অস্ত্রের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের জুনে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরবর্তী সময়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করে মস্কো ও পিয়ংইয়ং।
তবে নতুন করে ৩০ হাজার সেনা পাঠানোর বিষয়ে জেলেনস্কির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স