তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী রাখতে রংপুর বিভাগের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ধারাবাহিকভাবে এসব বৈঠক করা হচ্ছে।
তিনি বলেন, বৈঠকে তারেক রহমান মাঠপর্যায়ে দলের কার্যক্রম, সাংগঠনিক অবস্থা এবং স্থানীয় বিভিন্ন বিষয় সম্পর্কে নেতাদের কাছ থেকে তথ্য নেন। একই সঙ্গে সংগঠনকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় রংপুর মহানগর ও জেলা ছাড়াও নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একই ধরনের মতবিনিময় করেছিলেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক এই বৈঠকের মাধ্যমে স্থানীয় সমস্যা, সাংগঠনিক দুর্বলতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সরাসরি মতামত নেওয়া হচ্ছে।