সিলেট নগরীর যানজট কমাতে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি প্রধান সড়কের ওপর চাপও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।
সভায় চলমান সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং অন্যান্য চলমান প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের সমন্বিত উন্নয়নে একাধিক বড় প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট আরও আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপ নেবে।
তার মতে, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে নগরীর সড়ক অবকাঠামো, যানজট এবং জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে।
জলাবদ্ধতা নিরসনে নগরীর ছড়া ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে নিয়মিত খাল খনন, পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহের ধারাবাহিকতা নিশ্চিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বর্ষাকালের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।
সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী জানান, সিলেটের সড়ক যোগাযোগ উন্নত করতে আরও কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর যানজট কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।