রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা উচিত, সে বিষয়ে পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
এর আগে শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। >জাতীয় সংসদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সাংবিধানিক বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।