চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি বছরের মে মাসে বেইজিং সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার আলোচনা হয়েছিল। আসন্ন বৈঠকেও বিষয়টি গুরুত্ব পাবে।
ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি ২৪ সেপ্টেম্বর এখানে আসছেন। আমি বেইজিংয়ে থাকাকালে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছিলাম। এবারও এ বিষয়ে আলোচনা হবে।’
গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। সে সময়ও ২৪ সেপ্টেম্বর সম্ভাব্য সফরের তারিখ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।
দুই দেশের মধ্যে উন্নত এআই চিপ রপ্তানির বিধিনিষেধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক নীতিমালা নিয়ে টানাপোড়েনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।
তবে চীনের পক্ষ থেকে সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো আলাদাভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স