বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি কমপিটিশন বিভাগে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো।
আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, প্রায় দুই দশক ধরে তিনি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার গল্প নিয়ে কাজ করেছেন। ২০০৬ সালে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পাশাপাশি তিনি আন্তর্জাতিক তহবিলও অর্জন করেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত হোসেন বলেন, ‘দেশের সিনেমা দিয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা আমার জন্য অনেক সম্মানের। অনেক ভালো লাগার। এটা আমার স্বপ্নপূরণের গল্প। আমি চাই, দেশের সিনেমা আরও ভালো জায়গায় যাক।’
সিনেমার গল্পে এক তরুণীর জীবনের সংকট ও মানসিক যাত্রা তুলে ধরা হয়েছে। রূপকথার মতো আয়োজনের বিয়ের স্বপ্ন দেখা সেই তরুণী একটি জটিল রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ঘরোয়া উপায় অবলম্বন করেও ফল না পাওয়ায় তার মানসিক চাপ বাড়তে থাকে। একসময় একটি বিউটি পারলারে গিয়ে তিনি কল্পনায় লম্বা চুলের এক রহস্যময় নারীর উপস্থিতি অনুভব করতে শুরু করেন।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, যার এটি প্রথম চলচ্চিত্র। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। এছাড়া নির্মাণের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক কলাকুশলীরা কাজ করেছেন। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকেরা।