জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায় বলেও জানিয়েছে ঢাকা।
শুক্রবার (১৯ জুন) মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। পরবর্তীতে শনিবার সকালে বিষয়টি ঢাকায় পাওয়া এক বার্তায় জানানো হয়।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারেই, তাই এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি উল্লেখ করেন, মানবিক কারণে বাংলাদেশ প্রায় এক দশক ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা দেশের ওপর সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি এই সংকট স্থানীয় জনগোষ্ঠী ও সম্পদের ওপরও ব্যাপক প্রভাব ফেলছে। তাই দ্রুত ও টেকসই সমাধান এখন অত্যন্ত জরুরি।
সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে চায় এবং প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। একই সঙ্গে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং সংকটের মূল কারণগুলো মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্যসমূহ