সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভাষ্য, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, গাজী নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের পরিপ্রেক্ষিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দলটি। এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নতুন কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে তিনি তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।
দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট আইন ও সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন কমিশন ও সংসদীয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।