চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার (২২ জুলাই) সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের কার্যকর ভূমিকা ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ।
এ ছাড়া দুই দেশের মধ্যে পরিবহন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সম্ভাব্য করিডোর, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর এবং ফলপ্রসূ করতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।