রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের হামলায় সাগর হোসেন বুলেট নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কসংলগ্ন একটি সড়কে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাগরকে হাসপাতালে নেওয়া অটোরিকশাচালক ইব্রাহিম জানান, কাজ শেষে গাড়ি গ্যারেজে রাখার পথে হাজারীবাগ পার্কের পাশে মন্দিরের গলিতে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।
পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
চিকিৎসকেরা তাকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তবে ভোরের দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাওন বলেন, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা ঘটনার খবর জানতে পারেন। কে বা কারা তার ভাইয়ের ওপর হামলা করেছে, সে বিষয়ে পরিবার কিছু জানে না।
তিনি জানান, সাগর নির্দিষ্ট কোনো পেশায় যুক্ত ছিলেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতেন। সম্প্রতি তিনি একটি গাড়ির সহকারী হিসেবে কাজ করছিলেন।
সাগর হাজারীবাগের ভাগলপুর লেনের স্থায়ী বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শাহাদাত হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।