২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ফিফা। তবে এই পরিকল্পনাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন স্পেনের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও কঠোর সমালোচনা করেন তেবাস।
তিনি বলেন, প্রায় এক দশক ধরে ইনফান্তিনো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে রয়েছেন। তবে ফিফার বর্তমান পরিচালনা ও ক্ষমতার কাঠামোয় গুরুতর সমস্যা রয়েছে। ইনফান্তিনোর নেতৃত্বের অধ্যায় শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
তেবাসের অভিযোগ, ফিফা আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্প্রসারণের মাধ্যমে ঘরোয়া লিগগুলোর ওপর চাপ বাড়িয়ে চলেছে। বিশ্বকাপ গুরুত্বপূর্ণ হলেও ফুটবল শুধু কয়েক সপ্তাহের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় বলে তিনি মনে করেন।
তার ভাষ্য, বিভিন্ন দেশের ঘরোয়া লিগই সারা বছর ফুটবলকে সচল রাখে। এসব প্রতিযোগিতা লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। অথচ বিশ্বকাপে বিশ্বের মোট খেলোয়াড়ের খুব সামান্য অংশই অংশ নেওয়ার সুযোগ পান।
২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার পর ২০৩০ সালের আসরে দল বাড়িয়ে ৬৪ করার বিষয়টি সামনে আসে। ফিফা সভাপতি ইনফান্তিনো এই সম্ভাবনা নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। তবে প্রস্তাবটি এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
তেবাস বলেন, আন্তর্জাতিক ম্যাচের বাড়তি চাপ নিয়ে লা লিগা আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে। এর মধ্যে আরও দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে খেলোয়াড়দের ওপর চাপ বাড়বে এবং ঘরোয়া ফুটবলের সূচি ক্ষতিগ্রস্ত হবে।
তার মতে, জাতীয় দলের ম্যাচের সংখ্যা না বাড়িয়ে বরং ঘরোয়া ফুটবলকে সুরক্ষা দেওয়া প্রয়োজন। ফিফা সে পথে না গিয়ে একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য ক্ষতিকর।
লা লিগা সভাপতির দাবি, ফিফা বিশ্বকাপকে বেশি গুরুত্ব দিতে গিয়ে পুরো ফুটবল ব্যবস্থার ভারসাম্য নষ্ট করছে। তিনি ঘরোয়া লিগ, খেলোয়াড়দের বিশ্রাম এবং ফুটবলসংশ্লিষ্ট মানুষের জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।