বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মেসের বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে উচ্ছ্বাসের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ দরজা ভেঙে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার পর প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক সাইফুল জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারের অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।