পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শুক্রবার (২০ জুন) পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে মোট ৬১ হাজার ৬৯৭ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।
হজ অফিসের সর্বশেষ তথ্যে জানা গেছে, ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস অংশ নিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ১০ জন।
হজ অফিস জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি এবং ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবাসহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।