মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আবারও বিশ্বকাপের আয়োজক হিসেবে দেখতে চান। তবে এবার কানাডা ও মেক্সিকোকে সঙ্গে না রেখে এককভাবে টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত বিশ্বকাপ সংবর্ধনা অনুষ্ঠানে ফিফা কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প এই ইচ্ছার কথা জানান।
ট্রাম্প বলেন, ফিফার উচিত ভবিষ্যতে আবার যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়া। তবে এবার যৌথ আয়োজনের পরিবর্তে এককভাবে যুক্তরাষ্ট্রের আয়োজন করার পক্ষে মত দেন তিনি।
২০২৬ সালের বিশ্বকাপ উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। ৪৮ দলের এই আসরের বেশির ভাগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।
চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ হওয়ার পথে থাকায় ট্রাম্প মনে করছেন, যুক্তরাষ্ট্র এককভাবেও বড় এই আয়োজন পরিচালনা করতে সক্ষম। তিনি বলেন, ভবিষ্যতে নতুন আয়োজক নির্বাচন করলে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা কমতে পারে।
আগামী দুটি বিশ্বকাপের আয়োজক ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এরপর ২০৩৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ২০৩৮ বিশ্বকাপের আয়োজক এখনো ঘোষণা করেনি ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। পরে বালোগানকে পরবর্তী ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ওই সিদ্ধান্তের জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানান ট্রাম্প। তবে বালোগানকে দলে পেয়েও বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের যাত্রা বেশি দূর এগোয়নি। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিকরা।
রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের মাধ্যমে শেষ হবে ২০২৬ বিশ্বকাপ। ম্যাচটিতে উপস্থিত থাকার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
মন্তব্যসমূহ