২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার এবং ম্যাচ পরিচালনা নিয়ে কোচ, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৯ জুলাই) নিউজার্সির স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটির দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিক।
এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিক। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছিল।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে এবং নিয়ম প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।
তিনি বলেন, ফুটবলের নিয়ম ও ন্যায্যতার সীমা অতিক্রম করার সুযোগ থাকা উচিত নয়। তবে একই সঙ্গে রেফারিদের ওপর তার পূর্ণ আস্থার কথাও জানান স্পেন কোচ।
দে লা ফুয়েন্তে বলেন, রেফারির পাশাপাশি নিজের দলের ওপরও তার সবচেয়ে বেশি বিশ্বাস রয়েছে। বড় ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত তার দল।
ফাইনাল নিয়ে আশাবাদী স্পেন কোচ মনে করেন, এটি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই দলের লড়াই হতে যাচ্ছে। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের কারণে দর্শকরা একটি দারুণ ম্যাচ উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্যসমূহ