কর্মসূচি শেষ করে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে সরে যাওয়ায় সড়ক খুলে দেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, পরদিন পরীক্ষা থাকায় তারা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি শেষ করেছেন। তবে তাদের দাবিগুলো বহাল থাকবে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, এটি গুরুত্বপূর্ণ একটি এলাকা হওয়ায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমন্বয়ের পর সড়ক থেকে সরে গেলে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কেউ অংশ নিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি যাচাই করা হয়নি। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।
এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ছয় দফা দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে।
প্রসঙ্গত, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
মন্তব্যসমূহ