পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করতে যৌথভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। বৈঠকে পিপিপি কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ সহজ করার উদ্যোগ সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তিনি জানান, সৌদি আরব নিজেকে বৈশ্বিক লজিস্টিকস কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে দেশটি বিভিন্ন অগ্রাধিকার খাতে সৌদি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বিনিয়োগে সহযোগিতা করছে।
বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ তৈরি করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সৌদি প্রতিনিধি জানান, বাংলাদেশে আরএসজিটির কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিচালন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি আরবের আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লজিস্টিকস ও সাপ্লাই চেইন অবকাঠামো, কোল্ড স্টোরেজ এবং বন্দর উন্নয়নে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আর্থিক সেবা খাতেও সৌদি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে বাংলাদেশ কাজ করছে। সম্ভাব্য বিনিয়োগ নিয়ে কয়েকটি সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে।
মন্তব্যসমূহ